বিভিন্ন প্রফের কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করলো এক্সিস মেডিকেল স্কুল
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর বিভিন্ন প্রফেশনাল পরীক্ষায় ভালো ফলাফল করা শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কারে ভূষিত করেছে অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান এক্সিস মেডিকেল স্কুল।
গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর কাঁটাবনে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রথমবারে মতো প্রফেশনাল পরীক্ষায় শীর্ষ মেধাবীদের পুরস্কার প্রদানের ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বসিত মেডিকেল শিক্ষার্থী ও নবীন চিকিৎসকরা। এ ধরনের আয়োজন ব্যাপক উৎসাহব্যঞ্জক উল্লেখ করে তারা বলেন, দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরির লক্ষ্যে এ ধারা অব্যাহত রাখা জরুরি।
ঢাবির চূড়ান্ত পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ডা. সামিহা জামান আখতার দিশা (কে-৭৪ ব্যাচ) বলেন, ‘এই আয়োজনে আমাদের কয়েকজন কিংবদন্তি অধ্যাপক স্যারকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। এ রকম একটি আয়োজনের কথা শুনে আমি সীমাহীন খুশি হয়েছি, কারণ এ ধরনের প্রোগ্রাম এর আগে আমরা পাইনি। আমাদের কষ্টকে মূল্যায়ন করার জন্য এক্সিস মেডিকেল স্কুলকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ।’
এক্সিসের সময়োপযোগী ও সহায়ক ভূমিকার কথা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাসের দুর্যোগপূর্ণ মুহূর্তে বিভিন্ন বিষয়ে অনলাইনে তাদের ভিডিওগুলো ব্যাপক কাজে লেগেছে।
মে-২০২২ এর দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী সাফওয়ান রহমান বলেন, ‘এক্সিসের বিভিন্ন পাবলিকেশন ও অনলাইন ক্লাসগুলো শিক্ষার্থীদের জন্য দারুণ সহায়ক। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এর ধারাবাহিকতায় চতুর্থ বর্ষের স্পেশাল বিষয়গুলো যেমন-প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি—এসব বিষয়ে এক্সিসের কাজ দেখতে চাই।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সাবেক প্রধান ও ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান ও চিফ কনসালটেন্ট স্বাধীনতা পদকজয়ী অধ্যাপক ডা. এম. আমজাদ হোসাইন।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান, ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা।
উপস্থিত ছিলেন প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ সায়েবা’স মেথডের আবিষ্কারক একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. সায়েবা আক্তার।