২৪ ঘণ্টায় ৬২ হাজারেরও বেশি মানুষের বুস্টার ডোজ গ্রহণ
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে বুস্টার ডোজ টিকা নিয়েছেন ৬২ হাজার ২৫১ জন মানুষ। এ নিয়ে দেশে শুরু থেকে এখন পর্যন্ত মোট বুস্টার ডোজ টিকা নিয়েছে পাঁচ কোটি ৭০ লাখেরও অধিক মানুষ।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ লাখ ৬৭ হাজার ৬৪৬ জনকে প্রথম ডোজ এবং ২০ হাজার ৩৮৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এ ছাড়াও বুস্টার ডোজ টিকা নিয়েছেন ৬২ হাজার ২৫১ জন মানুষ। এগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৯২৮ জন। আর দুই ডোজ টিকা নিয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৩২৫ জন মানুষ। এ ছাড়া বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন।