ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে: স্বাস্থ্য সচিব
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্য সচিব বলেন, হয়তো সবসময় হয় সবকিছু হয় না, কিন্তু চেষ্টা করা হয়। তবে সবাইকে (ডেঙ্গু) প্রতিরোধের কাজটা করতে হবে। এ জন্য আতঙ্কিত হওয়া যাবে না। প্রথম দিকে যদি চিহ্নিত করা যায়, তাহলে চিকিৎসা দেওয়া অনেক সহজ হয়৷
আনোয়ার হোসেন হাওলাদার বলেন, এখনো থেমে বৃষ্টিপাত হচ্ছে। নিয়মিত বৃষ্টি হলে পানি জমে থাকে, ফলে এডিস মশার জন্ম হয়। সবাইকে সতর্ক থাকতে হবে যেন, নিজ বাসাতেই মশার উৎপাদন না হয়।
তিনি বলেন, আমরাই ডেঙ্গু লালন-পালন করছি। প্লাস্টিক, যেখানে-সেখানে কনটেইনার, পানির বোতল ফেলে রাখি। এতে পানি জমে থাকে। তাই পরিচ্ছন্নতার বিষয়ে আমাদের সবাইকে যথেষ্ট সচেতন হতে হবে। জ্বর হলেই হাসপাতালে যেতে হবে এমন নয়, শুরুতে জ্বর হলেই প্রচুর ফ্লুয়িড এবং প্যারাসিটামল খেতে হবে। যদি গুরুতর কোনো লক্ষণ দেখা দেয় বা কারো আগে থেকে কোনো জটিল রোগ হয়ে থাকলে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে হবে। তাছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।’
তিনি আরও বলেন, ডাম্পিং স্টেশনগুলোতে নজর দিতে হবে। ২০১৯ সালে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল, তা বলার মতো নয়। ওই সময় সিটি করপোরেশনকে অনেক দৌড়াতে হয়েছে। এজন্য নিজেদের সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে আবাসিক এলাকাগুলোর বাগানের ছাদে যাতে পানি জমে না থাকে, কমিউনিটির সেই দায়িত্ব দেওয়া উচিত।
কর্মশালায় উপস্থিত ছিলেন আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন, স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, অধ্যাপক ডা. রবিদ আমিন, অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, ডা. মো. আনোয়ার হোসেন হাওলাদার, ও ডা. মো. একরামুল হকসহ বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা।