মানিকগঞ্জে ৯টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে ঢাকাসহ সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তুরের চলমান অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জের সিংগাইরে দুই দিনে অনিবন্ধিত ৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নুজহাত নওরীন আমিন মঙ্গলবার (৩০ আগস্ট) ও সোমবার (২৯ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনিবন্ধিত এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেন।
বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো– অমি ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, সায়মা ডায়াগনস্টিক সেন্টার, নিউ মদিনা ডায়াগনস্টিক সেন্টার, সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ডা. কেরামত আলী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আলফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মানিকনগর ডায়াগনস্টিক ও ইব্রাহিম মেমোরিয়াল ডায়াগনস্টিক।
এ বিষয়ে ডা. নুজহাত নওরিন আমিন জানান, সিংগাইর উপজেলায় বেসরকারি ২৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই দিনের অভিযানে ৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র নবায়ন করা নেই, সেগুলোকে নবায়ন করতে বলা হয়েছে।
অনিবন্ধিত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান সোমবার থেকে শুরু হয়েছে, যা আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।