প্রতিষ্ঠার ৫৮ বছর পর জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান সন্তান প্রসব
মেডিভয়েস রিপোর্ট: প্রথমবারের মতো অস্ত্রোপচারের মাধ্যমে (সিজারিয়ান) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করেছেন ফাতেমা খাতুন নামে এক নারী। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা তিনটায় অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। অস্ত্রোপচারের নেতৃত্বে ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক হাসিনা চৌধুরী। বর্তমানে নবজাতক-মা দুজনেই সুস্থ ও ভালো আছেন।
জানা গেছে, প্রতিষ্ঠার ৫৮ বছর পর জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটিই ছিল প্রথম সিজার। ১৯৬৪ সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। এরপর বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সুযোগ ছিল না। কখনো যন্ত্রপাতি থাকলে চিকিৎসক ছিল না আবার কখনো চিকিৎসক থাকলে যন্ত্রপাতি বিকল অবস্থায় ছিল।
এর মধ্যে গত বছর অস্ত্রোপচারের জন্য কক্ষ তৈরি করার পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতিও কেনা হয়। তবে তখন কোনো গাইনি কনসালটেন্ট না থাকায় এটি চালু করা যায়নি। চলতি বছরের মে মাসে একজন গাইনি কনসালটেন্ট হাসপাতালে নিয়োগ পাওয়ায় অস্ত্রোপচারের সুযোগ তৈরি হয়।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর গণমাধ্যমকে বলেন, হাসপাতালটি প্রতিষ্ঠার পর প্রথমবার অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হলো। মা ও নবজাতক সুস্থ রয়েছে। এখন থেকে অন্তঃসত্ত্বা নারীরা প্রয়োজনে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করতে পারবেন।