পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬
মেডিভয়েস রিপোর্ট: পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস পরিদর্শক মো. আনোয়ার এ তথ্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আনোয়ার বলেন, ৬ জনের লাশ পাওয়া গেছে। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বাকিদের লাশ উদ্ধার করার প্রক্রিয়া চলছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এর আগে, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে দুপুর ১২টায় ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এখন মোট ১০টি ইউনিট কাজ করছে।
আগুনটির সূত্রপাত একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা বলছেন সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।