মক্কায় বাংলাদেশি হাজিদের সেবায় ১৩৮ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: পবিত্র নগরী মক্কায় অবস্থানরত বাংলাদেশি হাজিদের দিনরাত নিরলসভাবে স্বাস্থ্য সুরক্ষা ও সেবা প্রদানে কাজ করছেন ১৩৮ জনের একটি চিকিৎসক দল।
বাংলাদেশ হজ মেডিকেল সেন্টারের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদান করছেন তারা, যার নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন (টিম লিডার-১) ও বগুড়া আর্মি মেডিকেল কলেজের উপদেষ্টা, বিশেষজ্ঞ ও প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. বোরহান উদ্দীন (টিম লিডার-২)।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে এক হাজার একশ’ থেকে এক হাজার দুইশ’ জন হাজিকে মেডিকেল সেন্টারের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। হজ পালনকারীরা মেডিকেল সেন্টারের সার্বিক সেবায় যথেষ্ট সন্তোষ প্রকাশ করেন।
প্রসঙ্গত, সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। হাজিদের সার্বিক স্বাস্থ্য বিধি মেনে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার করা, অতিরিক্ত ঠাণ্ডা পানীয় পরিহার, রোদে ছাতা ব্যবহার করা ও বেশি বেশি পানি পানসহ সার্বিক সুস্থতা বজায় রাখার জন্য পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হজ্জ মেডিকেল সেন্টারের কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।