উন্নয়ন প্রকল্পগুলোর বিভিন্ন কমিটির সম্মানি স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ সাধনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে সরকারি সকল প্রতিষ্ঠানের সকল প্রকল্পসমূহের বিভিন্ন কমিটির সম্মানি স্থগিত করা হয়েছে।
আজ রোববার (৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১১ শাখার এক পরিপত্রে এ কথা বলা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত ওই পরিপত্রে আরও বলা হয়েছে, ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ সাধনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রায়ত্ত, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়ন বাজেট ও নিজস্ব তহবিলের আওতায় বাস্তবায়নাধীন সকল প্রকার প্রকল্প/কর্মসূচি/স্কিমসমূহের ক্ষেত্রে ‘৩২৫৭২০৬-সম্মানী’ অর্থনৈতিক কোডের বরাদ্দ থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি), প্রকল্প স্টিয়ারিং কমিটি (পিএসসি), বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটি (ডিপিইসি), বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (এসপিইসি) এবং বিভাগীয় বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (ডিএসপিইসি) সভায় সম্মানী বাবদ কোনো অর্থ ব্যয় করা যাবে না।’
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।
এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।