জুনের প্রথম সপ্তাহে ঢাকা দক্ষিণে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
মেডিভয়েস রিপোর্ট: আগামী ৪-৭ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার (২২ মে) নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ক্যাম্পেইন উপলক্ষে ডিএসসিসি আয়োজিত কেন্দ্রীয় অ্যাডভোকেসি ও সাংবাদিক ওরিয়েন্টশন সভায় এ তথ্য জানানো হয়।
চার দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ডিএসসিসি এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭৮ হাজার ৪০৮টি শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৮৬ হাজার ৯৩৫টি শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক হাজার ৮২৭টি কেন্দ্রের মাধ্যমে তিন হাজার ৬৫৪ স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হবে বলে সভায় জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পুষ্টি সেবার (এনএমএস) লাইন ডিরেক্টর, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগের প্রতিনিধি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, ঢাকার সিভিল সার্জন, বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, গার্ল গাইডস, রোভার স্কাউট, রোটারি ক্লাবের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, ইউপিএইচসিএসডিপি, মা ও শিশু উন্নয়ন সহযোগী সংস্থা ও এনএইচএসডিপি’র প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএম’রা উপস্থিত ছিলেন।