মানুষ মুড়িমুরকির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: মানুষ মুড়িমুরকির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে। এতে করে গ্যাস্ট্রিকের রোগ সেরে গেলেও অন্য রোগের সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (২১ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে বিশ্ব আইবিডি দিবস-২০২২ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এসিডিটি নাই এমন মানুষ খুব কম আছে। ৯৯ শতাংশ রোগীর মধ্যে এসিডিটি রয়েছে। বর্তমানে মানুষ মুড়ি মুরকির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে। যাতে করে মানুষের এসিড কমে যাচ্ছে। এ রোগ সেরে গেলেও অন্য রোগের সৃষ্টি হয়। বর্তমানে মানুষের খাওয়া ধাওয়া আর আগের মত নাই। আমাদের অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে।
তিনি বলেন, আইবিডি রোগ শুধু তরুণ বা মধ্য বয়সে নয়, শিশুদেরও হতে পারে। সে কারণে এই রোগের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম প্রধান ভূমিকা রাখতে পারে। সচেতনার জন্য এসব সভা সেমিনারের তথ্য প্রচার করলে সাধারণ মানুষ উপকৃত হবে।
এর আগে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন মোহাম্মদ হোসেন, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রোকুনুজ্জামান প্রমুখসহ বিভাগের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, এবারে দিবসটির প্রতিপাদ্য হলো ‘IBD has no age’ অর্থাৎ আইবিডি যেকোনো বয়সের মানুষের হতে পারে। ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিস হলো। এই রোগ নিরাময়যোগ্য না হলেও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়।