‘সঠিক পরিচর্যায় বেশি সম্ভাবনাময় হয়ে ওঠে অটিজম শিশুরা’
মেডিভয়েস রিপোর্ট: সঠিক পরিচর্যায় স্বাভাবিক শিশুর থেকেও অটিজমে আক্রান্ত শিশুরা বেশি সম্ভাবনাময় হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২ উপলক্ষে আজ রোববার (৩ এপ্রিল) সকাল ৯টায় আয়োজিত এক র্যালি শেষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউর এক গবেষণা দেখা গেছে, প্রতি ১০ হাজার শিশুর মাঝে ১৭ জন অটিজম সংক্রান্ত বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন শিশু রয়েছে। অটিজম আক্রান্তদের নিয়ে শিক্ষা-প্রশিক্ষণ, চিকিৎসা ও গবেষণার সুয়োগ রয়েছে। তাই তাদের নিয়ে কেউ দুশ্চিন্তা না করে এই সুযোগকে কাজে লাগাতে হবে।
অভিভাবকদের সচেতনতার উদ্দেশে তিনি বলেন, ‘শিশুর আচরণ কিংবা চলাফেরায় কোন ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখা গেলে, কোনো কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসতে হবে।
এসব শিশুদের দ্রুত স্ক্রিনিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, শিশু যদি অটিজম আক্রান্ত হয় তবে কেউ মন খারাপ করবেন না। স্টিফেন হকিন্সের মতো বিশ্বের বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিদের অনেকেই অটিজম আক্রান্ত বিশেষ শিশু ছিলেন। অটিজম শিশুরা যদি সঠিক পরিচর্চা পান, তবে তারা অনেক স্বাভাবিক শিশুর থেকেও বেশি সম্ভাবনাময় হয়ে ওঠেন।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর কন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ, স্কুল সাইকোলজিস্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক অ্যাডভাইজরি প্যানেলের বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে এখানে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজমে (ইপনা) অনারারি শিক্ষক হিসেবে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ সময় অটিজম আক্রান্ত বিশেষ শিশুদের পুর্নবাসনের জন্য বিগত সময়ের চেয়ে বেশি উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান বিএসএমএমইউ ভিসি।
এর আগে ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ স্লোগানকে নিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২ উপলক্ষে র্যালির আয়োজন করে ইপনা। র্যালিটি প্রশাসনিক ভবনের ‘বি’ ব্লকের সামনে থেকে শুরু হয়ে বটতলা, টিএসসি, ‘ডি’ ব্লক অতিক্রম হয়ে ‘এফ’ ব্লকে গিয়ে শেষ হয়।
র্যালিতে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যন্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যন্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভাইস চ্যন্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান ও ইপনা উপ-পরিচালক অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, ইপনার উপ-পরিচালক (একাডেমিক) সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, শিশু নিউরোলজিস্ট ডা. মাজহারুল মান্নানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে ৪ এপ্রিল বৈজ্ঞানিক সেমিনার, ৫ এপ্রিল অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬ এপ্রিল অভিভাবক প্রশিক্ষণ থেরাপির আয়োজন করেছে ‘ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার এন্ড অটিজম।