দেশে টিকা উৎপাদনের পরিকল্পনা চলছে: ড. এ বি এম আব্দুল্লাহ
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশেই টিকা উৎপাদন হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ইমেরিটাস ড. এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘সরকার সবার জন্য টিকা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ‘হাফ এন আওয়ার’ এর প্রথম পর্বের ওয়েবিনারে এ কথা বলেন তিনি। এ সময় গর্ভবতী মায়েদের জন্য টিকা কতটুকু নিরাপদ সে বিষয়ে তুলে ধরেন তিনি।
করোনা প্রতিরোধে ভ্যাকসিন ‘টিকা না নিলে টেকা দায়’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের প্রচার কমিটির সদস্য দৃষ্টি প্রামাণিকের সঞ্চালনায় আলোচনায় ঔষধ প্রযুক্তিবিদ ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম অংশ নেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র প্রফেসর ড. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দিতে চাই। ১২ কোটি মানুষকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দিতে চাই। এর মধ্যে এখন পর্যন্ত প্রথম ১০ কোটি মানুষকে ১ম ডোজ ও সাত কোটি মানুষকে ২য় ডোজের তত্ত্বাবধানে আনা সম্ভব হয়েছে।’
অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ‘টিকা হচ্ছে বিজ্ঞান। আমরা বিজ্ঞানকে অস্বীকার করতে পারি না।’
তিনি বলেন, 'যেহেতু সরকার টিকা বিনামূল্যে প্রদান করছে, তাই সবার উচিত করোনার টিকা গ্রহণ করা উচিত।'
সমসাময়িক নানা ইস্যুতে ‘হাফ এন আওয়ার’ শিরোনামের অনুষ্ঠানটি নিয়মিত প্রচারের পরিকল্পনা করছেন তারা। বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ও সরকারের বিভিন্ন খাতের উন্নয়ন, টেলি মেডিসিন, এমনকি তারকাদের নিয়েও ভিন্ন ভিন্ন অনুষ্ঠান সাজাবে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ।