দেশে গত এক মাসে করোনায় মৃতদের ৮০ ভাগই টিকা নেননি: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত এক মাসে করোনায় মৃতদের ৮০ ভাগ টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জনাান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই সময় করোনায় আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশ করোনার টিকা নেননি। বাকি ২০ শতাংশ নানা ধরনের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ছিলেন। তবে এখনো কোনো ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, সে তথ্য স্বাস্থ্য বিভাগের হাতে নেই।
এছাড়া দেশে করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়াকে ‘অশুভ ইঙ্গিত’ বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের সংবরণ না করি, এটাকে প্রতিহত করার চেষ্টা শক্তিশালী না করি তবে পরে বিপদের বড় আশঙ্কা আছে।’
মহাপরিচালক আরও বলেন, ‘শনাক্তের হার দুই সপ্তাহ আগেও ২ শতাংশের নিচে ছিল। আজ ২০ দশমিক ৮৮ শতাংশ। অনেকে ভাবছে অমিক্রনে ভয়ের কারণ নেই। কারণ এখানে মৃত্যুর হার কম। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আইইডিসিআর জিনোম সিকোয়েন্স করছে। তারা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের হার বেশি। অমিক্রন বাড়ছে, তবে সেটা ডেল্টার মতো না। ঢাকায় অমিক্রনের হার বেশি। তবে সামগ্রিকভাবে ডেল্টার প্রাধান্য সব জায়গায় বেশি। অন্যান্য শহরে অমিক্রন নেই। এখানে যেটা বাড়ছে সেটা ডেল্টা ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের পরিণতি আপনারা আগেই দেখেছেন।’
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (কল্যাণ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।