বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে মডার্নার টিকা: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: বুস্টার ডোজ হিসেবে এখন থেকে মডার্নার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের আলোকে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম দেশের সকল পর্যায়ে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ/বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্না কোভিড-১৯ ভাকসিন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ ক্ষেত্রে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন শুধুমাত্র স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ পূর্ণ বছর বয়সী) উভয় ডোজ এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণের বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়ে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে দেশের সকল বিভাগের পরিচালক (স্বাস্থ্য), সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসকদের নিকট পাঠানো হয়েছে।