অমিক্রন পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক সন্ধ্যায়
মেডিভয়েস রিপোর্ট: করোনার নতুন ধরন অমিক্রন পরিস্থিতি নিয়ে আজ সোমবার (৩ জানুয়ারি) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠেয় এ বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব। অন্যান্যরা ভার্চুয়ালি যুক্ত হবেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে হতে যাওয়া এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সূত্রে জানা যায়, ভার্চুয়ালি সারাদেশ থেকে যুক্ত থাকবেন ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জন, স্বাস্থ্য, প্রশাসন ও স্বরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তরা।
বৈঠকে অমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশে অমিক্রন দ্রুত ছড়াচ্ছে। প্রতিবেশি দেশ ভারতে প্রতিদিনই এ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে বিধিনিষেধ জারি করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট অমিক্রন আক্রান্তের সংখ্যা সাতজন।
গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার অমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। ২০ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, অমিক্রনে আক্রান্ত হওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় ভালো আছেন এবং তারা করোনা নেগেটিভ হয়েছেন।