হঠাৎ হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য মাশরাফি
মেডিভয়েস রিপোর্ট: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হঠাৎ নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন গিয়েছেন।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় তিনি হঠাৎ করেই এ পরিদর্শন করেন। হাসপাতালে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন স্তরের অনেককেই অনুপস্থিত পান বলে জানা গেছে।
এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নড়াইল এক্সপ্রেস। একই সঙ্গে এসবের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে সঠিক সময়ে চিকিৎসকদের উপস্থিত না হওয়া, রোগীদের খাবারে অনিয়ম, অনুমোদন ছাড়াই ছুটি ভোগ, টয়লেটের দুরবস্থাসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথা তুলে ধরেন রোগীরা।
এ সময় মাশরাফি বিন মর্তুজা বলেন, হাসপাতালগুলোতে গরিব মানুষ আসেন দূর-দূরান্ত থেকে। তাদের খাবার দেওয়া হয় না। অনেক স্বাস্থ্যকর্মী ঠিকমতো অফিস করেন না। রোগীরা খাবার-ওষুধ পান না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এসব অভিযোগ নিয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ-উজ-জামান মুন্সীর সঙ্গে কথা বলেন মাশরাফি। অফিস টাইমে স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে উপস্থিতি ও রোগীদের সেবাদান নিশ্চিত করাসহ অনিয়ম-অব্যবস্থাপনার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।