১৭ ডিসেম্বর, ২০২১ ০৫:৪৫ পিএম

‘মেডিকেল শিক্ষায় ব্যত্যয় ঘটলে রোগীরা বিনা চিকিৎসায় মারা যাবেন’

‘মেডিকেল শিক্ষায় ব্যত্যয় ঘটলে রোগীরা বিনা চিকিৎসায় মারা যাবেন’
করোনার ভয়ে জীবন থামিয়ে রাখা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। ছবি: এইচ এম সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও শিক্ষা খাত যেকোনো উপায়ে সচল রাখতে হবে বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক প্রো-ভাইস চ্যান্সলর চর্ম ও যৌন রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। 

আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ইডেন মহিলা কলেজে বিএসএমএমইউর এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার হল পরিদর্শনের পর মেডিভয়েসের সঙ্গে এ কথা বলেন তিনি। 

প্রায়োগিক নির্ভর হওয়ায় মেডিকেল শিক্ষায় বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, মেডিকেল শিক্ষার্থীরা পড়াশোনা সঠিক সময়ে যাতে শেষ করতে পারে সে দিকে গুরুত্ব দিতে হবে। কারণ এর ব্যত্যয় ঘটলে অনেক রোগী বিনা চিকিৎসায় মারা যাবেন। 

অধ্যাপক শহীদুল্লাহ সিকদার বলেন, ‘করোনার ভয়ে জীবন থামিয়ে রাখা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে।’

পরীক্ষার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কোনো সংবাদ শোনা যায়নি বলেও এ সময় জানান তিনি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, পরীক্ষার্থীর করোনা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার হলে প্রবেশ করেছেন। সবাই সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। 

তিনি আরো বলেন, ‘করোনার কারণে আমরা যদি পরীক্ষা না নেই তাহলে আমরা জাতীয়ভাবে ক্ষতিগ্রস্ত হবো এবং শিক্ষার্থীরাও ক্ষতির সম্মুখীন হবেন। তাই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আমাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।’

রেসিডেন্সি কোর্সের আসন বৃদ্ধি করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ১৪ ডিসেম্বর এ বিষয়ে আলাপ করেছি, আগামী বছর বিভাগভিত্তিক বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

এদিকে এ বছর রেসিডেন্সি কোর্সের মোট ১০ হাজার ৪৩৫ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। আজ শুক্রবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস), ইডেন মহিলা কলেজ, বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস ও বুয়েট মূল ক্যাম্পাসে এক যোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১১টায় এ পরীক্ষা শেষ হয়।

এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সলর অধ্যাপক ডা. জাহিদ হোসেন, সাবেক প্রো-ভাইস চ্যান্সলর অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডা. শাহীন আকতারসহ অন্যান্য বিভাগীয় প্রধানরা।

আজ রাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত