যতদিন বাঁচি যেন ভালো কাজ করে যেতে পারি: ডা. আবদুল্লাহ
মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, ‘আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের লক্ষ থাকা উচিত যেন মানুষের জন্য ভালো কিছু করে যেতে পারি। নিজের জন্য কি করতে পারলাম, সেটি বড় কথা নয়; বরং অন্যের জন্য কতটুকু করতে পারলাম সেটাই বড় বিষয়।’
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব বাংলাদেশের (এপিবি) আয়োজিত প্রখ্যাত চিকিৎসক জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান ও অধ্যাপক ডা. মাহমুদ হাসানের সংবর্ধনা ও বৈজ্ঞানিক অধিবেশনে এসব কথা বলেন তিনি।
ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘দেশের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টদের জনক হলেন অধ্যাপক ডা. এ কে আজাদ খান ও অধ্যাপক ডা. মাহমুদ হাসান। তাদের কারণে আজ গ্যাস্ট্রোএন্টেরোলজি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।’
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপকদের সফলতার কথা তুলে ধরে ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘স্যারদের চিকিৎসাসেবা আজ দেশে ও বিদেশে অনেক অনেক সুনাম অর্জন হয়েছে। তাদের হাত ধরে কয়েকশো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এখন সারাদেশে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। শুরুটাই করেছিলেন আজাদ স্যার ও মাহমুদ হাসান স্যার।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি অর্জনে অনেকের অবদান থাকেন। তেমনি স্যারদের উৎসাহ, অনুপ্রেরণা ও ত্যাগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান তাদের বাবা-মা, শিক্ষকমন্ডলী ও স্যারদের স্ত্রীদের। তাদের এই অর্জন প্রতিটি চিকিৎসককে অনুপ্রাণিত করবে।’