৩০ নভেম্বর, ২০২১ ০৩:৩৯ পিএম

ষাটোর্ধ্বদের দেওয়া হবে বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

ষাটোর্ধ্বদের দেওয়া হবে বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা ৬০ বছরের ঊর্ধ্ব আছেন, গুরুতর অসুস্থ, তাঁদের বুস্টার ডোজ দেওয়া হবে। অনেক দেশে তা হচ্ছে।’ প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও বলেন, এখন আলাপ-আলোচনা করে কবে থেকে তা দেওয়া হবে, সেই দিনক্ষণ ঠিক করা হবে।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আয়োজিত এক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা ৬০ বছরের ঊর্ধ্ব আছেন, গুরুতর অসুস্থ, তাঁদের বুস্টার ডোজ দেওয়া হবে। অনেক দেশে তা দেওয়াও হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করোনার নতুন ধরন ওমিক্রন। ওমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে আছে। তবে দুঃখের বিষয় গত এক মাসে ২৪০ জন আফ্রিকা থেকে এসেছেন। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ফোনও বন্ধ।’

তিনি আরও বলেন, ‘আফ্রিকা মহাদেশ থেকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। যদি আসে তাহলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন অবশ্যই মানতে হবে। কর্তৃপক্ষকে বলবো, বিদেশ থেকে যারা আসবে, তাদের যেন মনিটরিং করা হয়।’

সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, সব জেলায় চিঠি দেওয়া হবে। সংক্রমণ ঠেকাতে সব ধরনের সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে।

এ সময় করোনাভাইরাসের টিকা নেয়া নিয়ে মানুষের মধ্যে অনাগ্রহ দেখা দেওয়ায় ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ অর্থাৎ ‘টিকা না নিলে সেবা পাওয়া যাবে না’ ব্যবস্থায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় আগের চেয়ে সক্ষমতা বেড়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সভায় করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লাসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে করোনাভাইরাসের নতুন ধরন (ভেরিয়েন্ট) অমিক্রনের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতি হিসেবে ভ্রমণ নিয়ন্ত্রণ করা, রোগ শনাক্তকরণ পরীক্ষা জোরদার, জনস্বাস্থ্য উদ্যোগ গ্রহণ ও প্রচার-প্রচারণা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত