হাসপাতালে ভর্তি নতুন ৭২ ডেঙ্গু রোগীর ৭০ জনই ঢাকায়
মেডিভয়েস রিপোর্ট: গত কয়েক দিন ধরেই ডেঙ্গু আক্রান্ত হয়ে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে এক দিনের ব্যবধানে এ সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৭০ জন এবং ঢাকার বাইরে ২ জন।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এমআইএস ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪২৩ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৯৪ জন চিকিৎসা নিচ্ছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে চলতি বছরে ৯৮ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২৬ হাজার ২০১ জন। তবে এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৫৮৬ জন।
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫