বিএসএমএমইউর সাব-স্পেশালিটিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২০ সেশনের পাঁচ বিষয়ে সাব-স্পেশালিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর রিপ্রোডাকটিভ অ্যান্ডাক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, ফিটো-ম্যাটারনাল মেডিসিন এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্টাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক এমএস ও এফসিপিএস (অবস্ অ্যান্ড গাইনি বা জেনারেল সার্জারি ডিগ্রী প্রাপ্ত সরকারী, বিএসএমএমইউ এবং বেসরকারী প্রার্থীদের নিকট থেকে জানুয়ারি-২০২২ সেশনের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে। আবেদনপত্র রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখা (ব্লক-বি, ৩য় তলা, কক্ষ নম্বর-২৩৮) থেকে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.bsmmu.edu.bd) থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।’
এতে আরও বলা হয়েছে, ‘পূরণকৃত আবেদনপত্র আগামী ২১ নভেম্বর দুপুর দুইটার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র এবং পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ এভিনিউ শাখায় ‘বিএসএমএমইউ এডমিশন ফান্ড হিসাব নম্বর-০৯৪৭১০২০০১৭৩১’ এ তিন হাজার টাকা জমাদানের রশিদসহ রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হল।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউ পরীক্ষা নিয়ন্ত্রক, আইটি পরিচালক ও হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।