উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে নেওয়া হচ্ছে ব্যাংকক
মেডিভয়েস রিপোর্ট: উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে থাইল্যান্ডের ব্যাংকক নেওয়া হচ্ছে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
আজ শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় তিনি এয়ার অ্যাম্বুলেন্সযোগে (HS EMG) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন।
রওশন এরশাদের ছেলে রাহগিব মাহি সাদ এরশাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য রওশান এরশাদকে আজ বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংকক নেওয়া হবে। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’
এর আগে গত ২৮ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের জানান, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন রওশন এরশাদ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বিরোধীদলীয় এ নেতা। দীর্ঘদিন ধরে তিনি সিএমএইচে চিকিৎসাধীন। তাঁর ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে, তবে নিস্তেজ অবস্থায় আছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেওয়া হবে। চিকিৎসকরা জানিয়েছে, রওশন এরশাদ মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।