শনিবার থেকে কমিউনিটি ক্লিনিকে করোনার টিকাদান ক্যাম্পেইন
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীকাল (৬ নভেম্বর) থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিপ্তরের উদ্যোগে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ কোভিড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. শামসুল হক।
তিনি বলেন, ‘প্রতিটি কমিউনিটি ক্লিনিকে অন্তত পাঁচশ’ মানুষকে টিকা দেওয়া হবে। নিবন্ধন করেছেন এমন আঠারোর্ধ্ব সবাইকে এ ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে।’
আজ শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় এক ভার্চুয়াল প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান তিনি।
ডা. শামসুল হক বলেন, ‘আগামী ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী একটি বিশেষ কোভিড টিকাদান ক্যাম্পেইন চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত টিকা কার্যক্রমকে পৌঁছে দিতেই কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি কেন্দ্রেই আমরা টিকাসহ যাবতীয় সরঞ্জাম পৌঁছে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একদিন করে প্রান্তিক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। টিকা দেওয়ার আগে নির্ধারিত এলাকায় প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত করা হবে।’
ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির এ সদস্য বলেন, ‘যারা আগে নিবন্ধন করেও টিকা পাননি তারাসহ আগের ক্যাম্পেইনের মতো নারী ও বয়স্করা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। এ ক্যাম্পেইনেও সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।’