এসএসসি বা সমমানের পরীক্ষা শুরু ১৪ নভেম্বর: শিক্ষামন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: এসএসসি বা সমমানের পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
বুধবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষা সংক্রান্ত আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।
ডা.দীপু মনি বলেন, বর্তমানে আক্রান্তের হার সহনীয় মাত্রায় উন্নীত হওয়ায় পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্ত্রী জানান, চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট তিন হাজার ৬৭৯ টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। সারাদেশে ৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেবে।