পথশিশুদের নিয়ে বিএমএসএসের অনন্য উদ্যোগ ‘নগরফুলের দেখভাল’
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির (বিএমএসএস) বাংলাদেশ মেডিকেল কলেজ লোকাল কমিটির স্কোর এবং স্কোর স্ট্যাডিং কমিটির সম্মিলিত উদ্যোগে পথশিশুদের নিয়ে ‘নগর ফুলের দেখভাল’ কর্মসূচি সম্পন্ন হয়েছে। রোববার (১৭ অক্টোবর) তিন দিনব্যাপী এ কর্মসূচি সম্পন্ন হয়। এ কর্মসূচিতে সহযোগিতায় ছিল পথশিশুদের স্কুল ‘ছায়াতল বাংলাদেশ’।
পথশিশুদের নিয়ে এ আয়োজনের মধ্যে ছিল তাদের সুবিধা-অসুবিধার কথা শোনা, স্বাস্থ্য ক্যাম্প, পুষ্টিকর খাবার প্রদান, বয়ঃসন্ধিকালের শারীরিক, মানসিক পরিবর্তন ও তথ্য উপস্থাপন, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণা প্রদান, শিক্ষা সামগ্রী প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিনোদনমূলক কার্যক্রম।
তিনব্যাপী এ কর্মসূচিতে স্বাস্থ্যসেবা প্রদান করেন বিএমএসএসের উপদেষ্টা ডা. সুবাহ জেরিন ও ডা. লিসানুল হাসান প্রিয়ক।
অনন্য এ উদ্যোগের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বিএমএসএস সভাপতি তাসনিয়া নুর বলেন, ‘বাংলাদেশ মেডিকেল কলেজ লোকাল কমিটির পথশিশুদের নিয়ে আয়োজিত এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পথশিশুরা স্বাস্থ্যসেবা, চিকিৎসা, পড়াশোনা ও বিনোদন থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত। বিএমএসসের তিনদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা দেওয়া, প্রজনন ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ধারণা প্রদান করা, বিনামূল্যে ওষুধ ও মাস্ক বিতরণ এবং সর্বোপরি তাদের বিনোদনের জন্য আর্ট কম্পিটিশন, ঢাকার ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড ভ্রমণের ব্যবস্থা করার সর্বাত্মক চেষ্টা করা হয়। আমি আশা করি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বাচ্চাদের মুখে হাসি ফুটাতে পেরেছে ও তাদের সুন্দর কয়েকটি দিন উপহার দিতে পেরেছে।’