চার চিকিৎসককে বদলি করে প্রজ্ঞাপন জারি
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত চার চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
বদলি হওয়া চিকিৎসকরা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. আফসানা আলমগীর খান, অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ইভালুয়েটর ডা. ইকরামুল হক, সোনাইমুড়ি ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুজহাত নাদিয়া ও শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ডা. মো. বজলুর রহমান।
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের এমআইএস পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।