প্রতি আটজনে ১ জন নারী স্তন ক্যানসারে আক্রান্তের ঝুঁকিতে
মেডিভয়েস রিপোর্ট: স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ রোববার (১০ অক্টোবর)। দেশে নবম বারের মতো পালিত হচ্ছে এ দিবসটি। স্তন ক্যানসারে সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ২০১৩ সাল থেকে বেসরকারিভাবে এই দিবস উদযাপিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’।
বিশ্ব সংস্থা সংস্থা তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ৮ জনে ১ জন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। বাংলাদেশে নারীরা যেসব ক্যানসারে আক্রান্ত হন তার মধ্যে শীর্ষে রয়েছে স্তন ক্যানসার। দেশের স্তন ক্যানসারের রোগীর মধ্যে ৯৮ শতাংশই নারী। প্রতি বছর এই ক্যানসারে আক্রান্ত হচ্ছেন প্রায় ২০ হাজার নারী। তবে প্রতিরোধের মাধ্যমে তাদের মধ্যে ৫০ শতাংশই নিরাময়যোগ্য।
বিশেষজ্ঞরা বলছেন, বেশি বয়সে প্রথম সন্তান ধারণ করা অথবা নিঃসন্তান থাকা, সন্তানকে বুকের দুধ পান না করানো, বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে হলে, পরিবারের কারো স্তন ক্যান্সার ইতিহাস থাকলে, দীর্ঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণের জন্য পিল বা বড়ি খেলে, ১২ বছর বয়সের আগে প্রথম ঋতুস্রাব হলে অথবা ৫০ বছর পরে গিয়ে ঋতুস্রাব বন্ধ হলে, অত্যধিক চর্বিযুক্ত খাবার খেলে, ধূমপান, মদ্যপান এবং তামাকজাতীয় দ্রব্যে আসক্ত থাকলে, দীর্ঘদিন তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে থাকা নারীরা স্তন ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, সচেতন হলে স্তন ক্যানসার নিরাময় করা সম্ভব। ঝুঁকিতে থাকা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, ২০ বছর বয়স থেকেই নিজে নিজে স্তন পরীক্ষা করা এবং ৩৫ বছররের ওপরের নারীরা ম্যারেনাগ্রাফিক স্ক্রিনিং করলে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।