০৫ সেপ্টেম্বর, ২০২১ ০৪:৪৯ পিএম
আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত

১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু

১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।

পরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী তিনি বলেন, ‘১১ সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে, তা আর বাড়ানো হবে না। সংক্রমণের হার দ্রুত কমতে শুরু করেছে। জুলাই মাসের তুলনায় সংক্রমণ ৭০ শতাংশ কমেছে। আমরা ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবো। শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থী ও শিক্ষকসহ সবাইকে মাস্ক পরিধান করতে হবে। র‌্যান্ডম স্যাম্পলিং করে সংক্রমণের ঝুঁকি থাকলে বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।’

ডা. দীপু মনি বলেন, ‘শুরুর দিকে ২০২১ সালে যারা এইচএসসি এবং ২০২১ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের প্রতিদিন স্কুলে আসতে হবে। এছাড়াও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবে।’

তিনি আরও বলেন, ‘১২ সেপ্টেম্বর শুরুর দিন চার-পাঁচ ঘণ্টা ক্লাস হবে। পর্যায়ক্রমে এ সময় বাড়বে। প্রতিটি প্রতিষ্ঠানকে চেকলিস্ট পূরণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। স্কুলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করাতে হবে। স্কুলে আপাতত কোনো অ্যাসেম্বলি হবে না। তবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধূলা চলবে, যাতে শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থানে থাকতে পারে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সে সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। অভিভাবকরা যখন তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবেন তখন তার পরিবারের কেউ কিংবা শিক্ষার্থীর করোনার উপসর্গ নেই তা নিশ্চিত করবেন। তার সন্তানের মাধ্যমে যেন অন্য কোনো শিক্ষার্থী সংক্রমিত হওয়ার আশঙ্কা না থাকে সে ব্যাপারে সচেতন থাকবেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যখন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবেন তখন করোনা সম্পর্কিত যত ধরনের গাইডলাইন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) যা যা হালনাগাদ করা হয়েছে তার ভিত্তিতে শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনের শারিরিক তাপমাত্রা মাপা, কারও কোনো উপসর্গ আছে কি-না তা পরীক্ষা করা এবং শ্রেণিকক্ষে সবার মুখে মাস্ক পরা আছে কি-না তা নিয়মিত পরীক্ষা করবেন। মাস্ক ছাড়া কাউকে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হবে না। এক্ষেত্রে অভিভাবকরা তাদের সন্তানদের মুখে মাস্ক পরিয়ে ক্লাসে পাঠাবেন।’

আগামী ৯ তারিখের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা প্রায় ১৭ মাস পর শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, এজন্য একটি সার্বিক প্রস্তুতির বিষয় রয়েছে। প্রস্তুতির অনেকগুলো দিক রয়েছে। একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদানের জন্য তৈরি থাকা। সেটি আমরা অনেক আগে থেকেই করছি এবং তা তৈরি অবস্থায় আছে। যেখানে ছুটখাটো কিছু প্রস্তুতির ব্যাপার আছে, সেটাও আগামী ৯ তারিখের আগে সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ ৯ তারিখে আমাদের একদম মাঠ পর্যায়ের কর্মকর্তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে, সেগুলো পাঠদানের জন্য প্রস্তুত তা নিশ্চিত করবেন।’

সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত আছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক