একদিনে আরও ২৯৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৯৫ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ২৫০ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৯৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীদের ২৫০ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৫ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৪১ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, এ বছরে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ৩ জনের। আর আগস্ট মাসে মৃত্যু হয়েছে ৩০ জনের। এ বছরে ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১০ হাজার ৬৫১ জন।
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।