২৫ অগাস্ট, ২০২১ ০৭:৫৩ পিএম

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি বিএমএ নেতাদের

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি বিএমএ নেতাদের
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। ছবি: মজিবুর রহমান

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা।

আজ বুধবার (২৪আগস্ট) সকালে রাজধানীর তোপখানা রোডে বিএমএর শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে 'জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম বার্ষিকী' আলোচনা সভায় এ দাবি জানান তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে খুনিচক্র শুধুমাত্র ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেনি তাঁরা হত্যা করেছিল এদেশের মানুষের আশা-আকাংখাকে। খুনি মুশতাক-জিয়া চক্র দেশকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল পাকিস্তানি ধ্যাণ-ধারণায়, সংবিধান থেকে মুছে ফেলেছিল বাঙ্গালির হাজার বছরের ঐতিহ্য। ১৯৭১ সালে বঙ্গবন্ধু বাঙ্গালি জাতিকে প্রথম স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন, এর পূর্বে বাঙালি জাতি কোন দিনই স্বাধীন ছিল না। আল্লাহর অশেষ রহমতে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যা অসীম ধৈর্য্য, সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে এ জাতি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করতে পেরেছে। আজ সময় এসেছে একটি কমিশনের মাধ্যমে হত্যার নেপথ্যের কুশীলবদের মুখোশ জাতির সামনে উম্মোচন করে তাদেরও বিচার করার।’

সভাপতির বক্তব্যে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন আবেগতাড়িত কণ্ঠে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, ‘৭৫'র ১৫ আগস্ট কালরাত্রে ঘাতকেরা শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হননি বরং বাঙালির মানসপট থেকে চিরতরে মুছে দিতে নানা হীন ষড়যন্ত্র করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ খুনিচক্রের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বঙ্গবন্ধুকে বাঙালি জাতির পিতার আসনে অধিষ্ঠিত করেছে। অনেক দেরী হলেও আমরা বঙ্গবন্ধুর আত্নস্বীকৃত খুনীদের বিচার করে রায় কার্যকর করতে পেরেছি এখন নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিচার করার পালা।’

বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকারীদের বিচার হয়েছে কিন্তু এই হত্যাকান্ডের নেপথ্যের কারিগর সামরিক, বেসামরিক আমলা ও রাজনীতিকদেরও বিচারের আওতায় আনতে হবে ও তাদের যেসব উত্তরসূরী এখনও ষড়যন্ত্রের জাল বুনছেন এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে পরিচালিত সরকারকে জনগণের মুখোমুখি দাড় করিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন তাদেরকেও খুঁজে বের করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ও সাবেক ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, বিএমএ সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, বিএমএ সাংস্কৃতিক সম্পাদক ডা. পূরবী রাণী দেবনাথ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক