০৫ অগাস্ট, ২০২১ ০৩:৪৩ পিএম

বুস্টার ডোজ কার্যক্রম স্থগিতের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বুস্টার ডোজ কার্যক্রম স্থগিতের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ছবি: সংগৃহীত

মেডিভয়েসে রিপোর্ট: দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহ নিশ্চিতে উন্নত দেশগুলোকে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ স্থগিতের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

বুধবার (৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান উন্নত দেশগুলোকে করোনার বুস্টার ডোজ প্রদান স্থগিতের আহ্বান জানিয়েছেন।  বুস্টার ডোজ স্থগিত রাখলে এই সময়ের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, উন্নত দেশগুলোতে টিকাদানের হারে অনেক বেশি। অপরদিকে নিম্ন আয়ের দেশগুলোতে এখন পর্যন্ত প্রতি ১০০ জনের মধ্যে মাত্র দেড়জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। টিকা সরবরাহে ঘাটতিতে দেশগুলোর টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে। এখন টিকা সরবরাহের পরিস্থিতি বিপরীতমুখী হওয়া উচিত। টিকার বেশির ভাগ নিম্ন আয়ের দেশগুলোতে সরবরাহ করা উচিত।

করোনার ডেল্টা ধরন থেকে নিজের দেশের জনগণকে বাঁচাতে সব সরকারের উদ্বেগের বিষয়টি তারা বুঝেন বলেও জানিয়েছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধু নিজেরা টিকা নিয়েই করোনা থেকে পুরোপুরি সুরক্ষিত থাকা সম্ভব নয়। পৃথিবীর যেকোনো প্রান্তে সামান্য সংক্রমণই গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এ জন্য সারাবিশ্বে সমানভাবে টিকা ব্যবহার জরুরি।

উল্লেখ্য করোনার টিকাদানে তথ্য হালনাগাদকারী বৈশ্বিক ওয়েবসাইট আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার তথ্যমতে, এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় মোট জনসংখ্যার মাত্র ৭ দশমিক ৯ ভাগ নাগরিক পূর্ণ ডোজ টিকা পেয়েছে। কিন্তু দেশটিতে সম্প্রতি ডেলটা ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনার নাজুক পরিস্থিতিতে রয়েছে।

এদিকে ইসরায়েল ইতিমধ্যে তাদের ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। জার্মানি গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে, নাগরিকদের মডার্না ও ফাইজার টিকার তৃতীয় ডোজ শিগগিরই দেওয়া শুরু করবে তারা। আগামী সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যে ঝুঁকিপূর্ণ কয়েক লাখ মানুষকে বুস্টার ডোজ টিকা দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার।

যুক্তরাষ্ট্র এখনও জনসমক্ষে বুস্টার ডোজ টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানায়নি। তবে হোয়াইট হাউস গতকাল বুধবার বলেছে, যুক্তরাষ্ট্রের সব নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেওয়ার পাশাপাশি বিদেশে সরবরাহ করার মতো পর্যাপ্ত টিকা তাদের রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও