ডা. নাজিরুম মুবিন
মেডিকেল অফিসার, মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
২৬ জুলাই, ২০২১ ১২:৫০ পিএম
পানিতে ডুবে ৪৩ শতাংশ শিশুর মৃত্যু
বাংলাদেশে শিশু মৃত্যুর প্রধান কারণ কী? আপনাদের কী ধারণা? ডায়রিয়া? অপুষ্টি? না! আশ্চর্যজনক হলেও এর প্রধান কারণ পানিতে ডুবে মৃত্যু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে মোট শিশু মৃত্যুর শতকরা ৪৩ ভাগের কারণ পানিতে ডুবে মৃত্যু। বাংলাদেশে প্রতিদিন ৫ বছরের কম বয়সী ৩০ জন শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে।
আরেকটি প্রচলিত ভুল ধারণা হলো পানিতে ডুবে মৃত্যু শুধু গ্রামেই হয়, যেখানে পুকুর-নদী আছে। অথচ শহরের বহুতল অ্যাপার্টমেন্টেও পানিতে ডুবে বহু শিশু মারা যায়। বালতির পানিতে ৫ বছরের কম বয়সী শিশুরা খেলতে গিয়ে বালতিতে উলটে পরে যায়। পানিতে ডুবে মোট শিশু মৃত্যুর ১৩ শতাংশ হয় এভাবে। সংখ্যাটা কিন্তু কম নয়।
পানিতে ডুবে শিশু মৃত্যু হয় খুব নীরবে। শিশু সাহায্য চাওয়ার কোন সুযোগই পায় না।
আজ জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস। প্রতিরোধে কী করণীয় এটা মোটামুটি সবাই জানে। একটি কথা কেউ বলে না। তা হলো- যেসব বাসা-বাড়িতে ৫ বছরের কম বয়সী শিশু আছে তারা কখনোই বালতিতে পানি ভর্তি করে রাখবেন না। পানির সমস্যার কারণে একান্তই রাখতে হলে ভালো ঢাকনা দিয়ে পানি ভর্তি বালতি ঢেকে রাখবেন। বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবেন যাতে শিশুরা একা একা বাথরুমে যেতে না পারে।