লকডাউন শিথিল: বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর লকডাউন আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল আযহায় মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় আগামী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।
আজ সোমবার (১২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জনা গেছে। শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।
সূত্রে জানা যায়, কুরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। একইসঙ্গে খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বন্ধ থাকবে বেসরকারি অফিস সরকারি অফিস। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।
এর আগে করোনার সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে সরকার। পরে দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা দিলে দেশব্যাপী বিধিনিষেধের পাশাপাশি স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করে। কিন্তু এতেও আশানুরূপ ফল না আসায় সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির শাটডাউনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। পরে তা ১৩ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।