মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে ছয় জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৪২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের কথা প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঠিক কোথায় থেকে বিস্ফোরণ ঘটলো তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণ ভবনটির নিচতলার ভেতরেই ঘটেছে। ওই বিস্ফোরণে ঘটনাস্থল থেকে মোট ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ১৩টি ইউনিট কাজ করছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ।’
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আজম গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখানে অর্ধশতাধিক আহতের খবর পাচ্ছি। তবে এখনো নিশ্চিত নয়।’
প্রত্যক্ষদর্শী গাড়ি চালক মো. মিঠু বলেন, বিস্ফোরণটি বিকট শব্দের ছিল। আগুনের ঝলকানিও দেখছি। অনেকে আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নিতে দেখেছি।