কুষ্টিয়া হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা, সাধারণ রোগী ভর্তি বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপ সামাল দিতে কুষ্টিয়া সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। হাসপাতালটিতে নন-কোভিড রোগীদের ভর্তি করা হবে না।
আজ শুক্রবার (২৫ জুন) দুপুরে বিষয়টি মেডিভয়েসকে জানিয়েছেন ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদুল ফিতরের পর থেকে সারাদেশে লোকজন স্বাস্থ্যবিধি মানা ছেড়ে দিয়েছে। এতে করোনা রোগী বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে কুষ্টিয়াতেও করোনা রোগী বেড়েছে। কুষ্টিয়া হাসপাতালে দৈনিক ১৩০ থেকে ১৭০ জন পর্যন্ত রোগী ভর্তি হয়। এই মাসে প্রচুর রোগী ভর্তি হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তির চেষ্টা করা হচ্ছে। কুষ্টিয়াতে লকডাউন দেওয়া হয়েছে। সবমিলেয়ে সবার প্রচেষ্টায় আশা করি, আগামী দুই থেকে তিন সপ্তাহ পর ভালো একটা ফলাফল পাওয়া যাবে।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন আরও বলেন, ‘এখন থেকে হাসপাতালে শুধু করোনায় আক্রান্ত রোগীদের ভর্তি নেওয়া হবে। প্রসূতি ও নবজাতকদের জন্য স্ক্যানু ও গুরুতর রোগীদের জন্য সিসিইউ ওয়ার্ড চালু থাকবে। এ ছাড়া ২৪ ঘণ্টা হাসপাতালে জরুরি সেবা খোলা থাকবে। তবে এ সময় বহির্বিভাগ বন্ধ থাকবে।’