বরিশালে হোটেল থেকে স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: বরিশালে একটি আবাসিক হোটেল থেকে মিরন চন্দ্র হালদার নামে এক মেডিকেল অ্যাসিসটেন্টের মরদেহ উদ্ধার। মৃত মিরনের হাতে ক্যানোলা পরানো ছিল এবং বিছানায় চেতনানাশক ওষুধ ও সিরিঞ্জ ছিলো।
আজ রোববার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে হোটেল এরিনার ৬০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মৃত মিরন চন্দ্র হালদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের বরুন চন্দ্র হালদারের ছেলে। তিনি মেডিকেল অ্যাসিসটেন্ট হিসেবে একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। তাঁর হাতে ক্যানোলা পরানো ছিল এবং বিছানায় চেতনানাশক ওষুধ ও সিরিঞ্জ পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। তবে সুরতহাল প্রতিবেদনে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানিয়েছে ওসি নুরুল ইসলাম।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মিরন চন্দ্র হালদার শনিবার হোটেলের ৬০৮ নম্বর কক্ষে ওঠেন। রোববার দুপুর পর্যন্ত রুমের দরজা না খোলায় সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে রুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
পরিবারের দাবি, মিরন মাদকাসক্ত ছিলেন না, তিনি কখনও নেশা করেননি। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ মিরনের এভাবে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক।