ডা. কামারুজ্জামান নাবিল
শিক্ষানবিশ চিকিৎসক, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা;
এমবিবিএস, ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইরান
১৩ মার্চ, ২০২১ ১০:০০ এএম
করোনার নতুন স্ট্রেইন
ইরানে হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টায় মারা যাচ্ছে এক-তৃতীয়াংশ রোগী
দেশে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে বিশেষ করে যারা চিকিৎসাসেবা দেয়ার সাথে সম্পৃক্ত আছেন তাঁরা হয়তো ইতিমধ্যেই বুঝতে পারছেন।
আপনার পাশে অনেকেই হয়তো ডায়রিয়া, বমি এমন লক্ষণ নিয়ে অসুস্থ হচ্ছেন, মনে হতে পারে এটি সাধারণ কিছু। তবে করোনার বর্তমান লক্ষণগুলোর দিকে তাকালে এগুলোই করোনার মূল লক্ষণ। আমার ধারণা, এটি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন স্ট্রেইন, যা বাংলাদেশে বিস্তৃতি লাভ করেছে।
গতকাল জানিয়েছিলাম, ইরানে একটি শহরে করোনার নতুন স্ট্রেইনে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের এক-তৃতীয়াংশ করোনা রোগী ২৪ ঘণ্টার কম সময়ে হাসপাতালে মারা যাচ্ছেন।
নতুন স্ট্রেইনে আমরা দেখছি, চীনের উহানের ভাইরাসের স্ট্রেইনে রোগী সংক্রমণের ৫ থেকে ৭ দিন পরে করোনার লক্ষণ দেখা যেত। তবে যুক্তরাজ্যের এই স্ট্রেইনে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পরে লক্ষণ দেখা যাচ্ছে, যা মৃত্যুর হার এবং দ্রুত বিস্তৃতি ঘটাচ্ছে।
সেক্ষেত্রে নতুন স্ট্রেইনের ভয়াবহতা নিয়ে ভাবনার অবকাশ রাখে। তাই গত বছর করোনার সময়ে যেভাবে স্বাস্থ্য দিক-নির্দেশনা মেনে চলেছেন সেভাবেই আবারো মেনে চলার বিকল্প কিছু নেই।
১. নিজে মাস্ক পরা, অন্যকে পরতে বলা।
২. নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়া অথবা স্যনিটাইজার দিয়ে।
৩. অপ্রয়োজনে বাইরে না যাওয়া।
৪. বয়স্কদের সাথে সাথে কমবয়সী শিশুদের নিয়েও সচেতন থাকা।
৫. শ্বাসকষ্ট বা উপরের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া।