শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সন্ধ্যায় ছয় মন্ত্রণালয়ের বৈঠক
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বৈঠকে বসছে ছয় মন্ত্রণালয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা) মো. শাফায়াত মাহবুব চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যায় কি না- সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়ে ওইদিন প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ‘সরকার খোলার (শিক্ষাপ্রতিষ্ঠান) পরিবেশটা প্রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ৫-৬ দিনের মধ্যে একটা মিটিংয়ে বসে যাব ইনশাআল্লাহ। এটা আন্তঃমন্ত্রণালয় মিটিং হবে। কারণ অনেককে লাগবে।’
একই দিন দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে আগামী ২৪ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজ খোলার বিষয়ে আগামী ২৮ ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত জানানো হবে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় এ ছুটি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ ফেব্রুয়ারি ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ায় সরকার। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান আছে।