স্বাস্থ্যখাতে অবদান রাখায় সম্মাননা পাচ্ছেন ৪ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: সরকারি হাসপাতাল ব্যবস্থাপনা এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘২৮ স্বাস্থ্য সম্মাননা পদক-২০২০’ পাচ্ছেন চার চিকিৎসক। প্রশাসনিক, ক্লিনিক্যাল এবং সাংগঠনিক ক্যাটাগরিতে তাদের হাতে এ সম্মাননা পদক তুলে দিবেন ২৮ বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন।
আজ সোমবার (২১ ডিসেম্বর) মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন ২৮ বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের সহ-সভাপতি এবং ২৮ স্বাস্থ্য সম্মাননা পদক প্রদান বিষয়ক উপকমিটির সভাপতি ডা. কামরুল হাসান সোহেল।
তিনি বলেন, প্রশাসনিক ক্যাটাগরিতে দু’জনকে, ক্লিনিক্যাল ক্যাটাগরিতে একজনকে এবং সাংগঠনিক ক্যাটাগরিতে একজন চিকিৎসককে এ সম্মাননা দেওয়া হবে।
শিগগিরই এ সম্মাননা তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ডা. কামরুল হাসান সোহেল। বলেন, নতুন বছরের শুরু দিকে একটি জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে।
প্রশাসনিক ক্যাটাগরিতে মনোনীত দু’জন চিকিৎসকের একজন সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. রুহুল আমিন। যিনি তাঁর দক্ষ পরিচালনায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অনিন্দ্য সুন্দর ও জনবান্ধব হাসপাতালে রুপান্তরিত করেছেন। 
তার এমন অবদানের বিষয়ে মেডিভয়েসে ‘সাপাহার হাসপাতালে আধুনিকতার ছোঁয়া ও ডা. রুহুল আমিনের গল্প’ শিরোনামে একটি নিউজ প্রকাশ হয়েছে।
এছাড়াও এসব কাজের মূল্যায়ন হিসেবে ডা. রুহুল আমিনকে ২০১৯ সালে নওগাঁ জেলা প্রশাসন অ্যা্ওয়ার্ড ‘বেস্ট অফিসার’ পদক দেয়া হয়েছে। এছাড়া কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) নিউ ক্রিয়েটর প্রজেক্টে তিনটি অবদানের মধ্যে ডা. মো. রুহুল আমিনের অবদানও স্থান পেয়েছে।
ইউএইচএফপিও ডা. মো. রুহুল আমিন মেডিভযেসকে বলেন, ‘এ ধরনের সম্মাননা অবশ্যই আনন্দের। যা আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং এর ফলে পিছিয়ে যাওয়ার সুযোগ থাকে না। এছাড়া সম্মাননা আমাদেরকে কাজের প্রতি আরও দায়বদ্ধতা তৈরি করে।’
এই ধরনের উদ্যোগ সকল স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে থাকা উচিত বলে মনে করনে তিনি।
প্রশাসনিক ক্যাটাগরিতে মনোনীত অন্য চিকিৎসক হলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইএমও ডা. মোরশেদ আলী। যার ব্যক্তিগত উদ্যোগে করোনায় রোগীদের সেবাদানের জন্য চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপিত হয়েছে।
ক্লিনিক্যাল ক্যাটাগরিতে মনোনীত চিকিৎসক হলেন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. আনিসুর রহমান সুফী। চাঁদপুর জেনারেল হাসপাতালে ৫০ বছর বয়সী স্বপন গাজী নামক রোগীর ৩৫ বছর আগে আগুনে পুড়ে বাকা হয়ে যায় তার পা। স্বপন গাজীর পা সোজা করার সফল অপারেশনে অর্থোপেডিক্স টিমের সদস্য হিসেবে ভূমিকা রেখেছেন তিনি।
সাংগঠনিক ক্যাটাগরিতে মনোনীত চিকিৎসক হলেন ডা. মো. রাশেদুল ইসলাম। ২৮ বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনে নির্বাচনে নির্বাচন কমিশন ছিলেন তিনি।
২৮ বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনে নির্বাচন কমিশনে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। ডা. মো. রাশেদুল ইসলাম সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে একটি ওয়েবসাইট ডেভেলপ করেছেন।