টিকা না আসা পর্যন্ত মাস্কই একমাত্র ভরসা: স্বাস্থ্য সচিব
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের টিকা না আসা পর্যন্ত মাস্কই একমাত্র ভরসা বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘করোনা ভ্যাকসিন পেতে সরকারের সব প্রস্ততি রয়েছে। ইতিমধ্যে আমরা সাড়ে চার কোটি মানুষের জন্য টিকা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আরও টিকা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। তবে টিকা না আসা পর্যন্ত মাস্কই এক মাত্র ভরসা।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী বছরের জানুয়ারির প্রথম দিকেই বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাবে। সরকার ভ্যাকসিন পাওয়ার জন্য সব ধরণের প্রদক্ষেপ গ্রহণ করেছে।
এ সময় আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পযন্ত সারাদেশে ‘হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০’ এর উদ্বোধন করা হয়। এ বছর সারাদেশে ৯ মাস থেকে ১০ বছর বয়সের প্রায় প্রায় ৩ কোটি ৪০লাখ শিশুকে এমআর টিকা প্রদান করা হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় স্কুলের পরিবর্তে কমিউনিটির ভিত্তিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব আবদুল মানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নুর। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিপিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক প্রমুখ।