হেলিকপ্টারযোগে এমপি জাহিরকে ঢাকায় স্থানান্তর
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে হলিকপ্টরে করে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ১০টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে নৌবাহিনীর হেলিকপ্টারটি তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় । এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) সুদীর দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবু জাহিরের করোনার উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৫ অক্টোবর করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। পরদিন পরীক্ষার ফলে তাঁর করোনা পজিটিভ আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাংসদ জাহিরকে সিএমএইচে নেওয়া হয়েছে।
করোনাকালে করোনাকালে আবু জাহিরের জনসেবার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে এমপি আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। করোনায় হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারি ও নিজের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দিয়েছেন।
এ সময় ঈদগাহ ময়দানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডা. আশরাফুল, সংসদ সদস্যের ছোট ভাই বদরুল আলম ও পিএস সুদীপ দাস প্রমুখ।