এক দিনের রিমান্ড শেষে অসুস্থ সাহেদ বিএসএমএমইউতে
মেডিভয়েস রিপোর্ট: পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত দিনের রিমান্ডের প্রথম দিনই অসুস্থ হয়ে পড়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম।
সোমবার (১৭ আগস্ট) জিজ্ঞাসাবাদের পর রাতে রমনা মডেল থানা হেফাজতে তিনি অসুস্থ বোধ করেন। আজ মঙ্গলবার সকালে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রবণ কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে সাহেদ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তিনি সুস্থ হলে আগামীকাল তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে সোমবার বেলা ১১টায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজ। জিজ্ঞাসাবাদ শেষে বিকেল পাঁচটায় সাহেদকে রমনা মডেল থানায় নেওয়া হয়। থানা হেফাজতে রাতে অসুস্থ বোধ করেন তিনি। রিমান্ডের আগামী ছয় দিন তাঁর সেখানেই থাকার কথা।
অর্থ আত্মসাৎ ছাড়াও সাহেদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। ইতিমধ্যে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি ও করোনার সনদ কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালককে দুদক জিজ্ঞাসাবাদ করেছে।
গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এই সময় পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পায় র্যাব।
পর দিন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেওয় হয়। ওই দিন রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র্যাব। করোনা টেস্ট না করে রোগীদের জাল রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়।
গ্রেপ্তার এড়াতে এর পর থেকেই গা ঢাকা দেন সাহেদ। পরে ১৫ জুলাই ভোরে ভারতে পালানোর সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
-
০৫ জুলাই, ২০২২
-
৩০ সেপ্টেম্বর, ২০২১
-
২০ সেপ্টেম্বর, ২০২১
-
২৮ সেপ্টেম্বর, ২০২০
-
১৯ অগাস্ট, ২০২০
-
১৮ অগাস্ট, ২০২০
-
১৫ জুলাই, ২০২০