ফেনীতে নারী চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা
মেডিভয়েস রিপোর্ট: ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নারী চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটেছে। গত ২ আগস্ট শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওই হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদ-উল-আজহার পর দিন বিকেলে শহরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াপদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল (৭৫)। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে স্বজনরা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর হামলা চালায়।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হামলায় রোগীর ৬-৭ জন স্বজন অংশ নেয়। তারা দফায় দফায় নারী চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। একজন নারীর উসকানিতে তারা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে।
হামলার এক পর্যায়ে হাসপাতালেও ভাঙচুর চালায় তারা। হামলায় একটি কার্ডিয়াক মনিটর, গ্লাস ডোর, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওয়াপদার অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তা শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের বাসিন্দা। কিন্তু হাসপাতালের রেজিস্ট্রার্ড খাতায় ঠিকানা হিসেবে মোটবী বড় বাড়ির কথা উল্লেখ করেছেন তিনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে হামলার তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।