প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহর খোলা চিঠি
মেডিভয়েস রিপোর্ট: গণস্বাস্থ্য কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত করোনা ইউনিট উদ্বোধন, স্বাস্থ্যখাতের নানা অসঙ্গতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ ও সাক্ষাতের সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
এতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বল হয়, আগামী মাসে নিবিড় পরিচর্যা কেন্দ্রের সুবিধা নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ও কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা সহকারে করোনা সাধারণ ওয়ার্ড চালু করবে গণস্বাস্থ্য কেন্দ্র। প্রধানমন্ত্রীকে এটি উদ্বোধনের আহবান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এতে রোগীদের দৈনিক তিন হাজার টাকার মতো খরচ পড়বে। আপনি কি শীতাতপ নিয়ন্ত্রিত ও কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা সমেত এই জেনারেল ওয়ার্ডের উদ্বোধন করবেন?’
অতীতে সাক্ষাতের চেষ্ঠা করেও ব্যার্থ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে আপনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয়ে এই খোলা চিঠি লিখছি। আশা করি, প্রধানমন্ত্রীর দপ্তরের কেউ না কেউ আমার এই চিঠি আপনার নজরে আনবেন এবং আমি একটি প্রাপ্তি স্বীকার পত্র পাব। প্রধানমন্ত্রীর কাছে এটাই একজন নাগরিকের আকাঙ্ক্ষা।’
বেসরকারি হাসপাতালর লাইসেন্স ফির নামে সরকারি চাঁদাবাজি হয় উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশে বেশির ভাগ বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নেই। গণস্বাস্থ্য নগর হাসপাতালের এবং গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারেরও নেই। এর কারন সরকারি চাঁদাবাজি।
এ সময় হাসপাতালে করোনা রোগী ভর্তির ক্ষেত্রে সরকারি নিয়মের সমালোচনা করে ডা. চৌধুরী বলেন, যে কোন রোগীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন ওই হাসপাতালে পরিচালক। অথচ করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হতে পারবে কিনা তার সিদ্ধান্ত দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রোগী বা চিকিৎসক কেউই এই সিদ্ধান্ত নিতে পারেনা। এই রকম নিয়ম পৃথিবীর আর কোনো দেশে নেই।
এছাড়াও চিঠিতে তিনি দেশের চলমান রাজনীতি, নির্বাচন ব্যবস্থা ও বিভিন্ন সরকারি খাতের নানা অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।