২০ নভেম্বর, ২০২৬ ০৬:৩৪ পিএম

নিবন্ধনহীন ব্যক্তিদের ডেন্টাল চিকিৎসা বন্ধে কঠোর হচ্ছে চসিক

নিবন্ধনহীন ব্যক্তিদের ডেন্টাল চিকিৎসা বন্ধে কঠোর হচ্ছে চসিক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম নগরে অনিবন্ধিত ও অদক্ষ ব্যক্তিদের ডেন্টাল চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নিবন্ধনহীন ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান চালানো হবে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, চট্টগ্রাম জেলা শাখার প্রথম সায়েন্টিফিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এখানে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম চলতে দেওয়া যায় না। সাধারণ মানুষ যাতে নিবন্ধিত ও যোগ্য চিকিৎসকদের কাছ থেকে নিরাপদ সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অনিবন্ধিত ও অদক্ষ ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রমের সুনির্দিষ্ট তথ্য ডেন্টাল সোসাইটির সদস্যরা প্রশাসনকে দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ডেন্টাল সোসাইটির সদস্যদেরও প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন সিটি করপোরেশনের প্রশাসক। তিনি বলেন, নগরীকে আধুনিক, নান্দনিক ও পরিবেশবান্ধব করতে বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধন করা হয়েছে। সড়কের মিডিয়ান আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির ফুল ও সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হয়েছে ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক, যা পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণায় এগিয়ে নিতে কর্ণফুলী নদীর একটি দ্বীপে ইকোপার্ক, ১২০ মেগাওয়াটের সোলার এনার্জি সেন্টার ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। এ ছাড়া কর্ণফুলী থেকে বোয়ালখালী পর্যন্ত পর্যটকদের জন্য মেরিন ড্রাইভ নির্মাণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানান প্রশাসক।

নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, এরই মধ্যে ১১টি মাঠ প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি মাঠগুলোও গড়ে তোলা হবে।

নগরীর প্রাণকেন্দ্রে আধুনিক সিটি সেন্টার নির্মাণের উদ্যোগের কথাও জানান তিনি। র‍্যাডিসন ব্লু হোটেলের সামনে প্রায় তিন একর জায়গায় এ সিটি সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জায়গাটি আগে জিয়া শিশু পার্ক হিসেবে পরিচিত ছিল।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে চসিক প্রশাসক বলেন, সমুদ্র ও পাহাড়ের অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব। শুধু সিটি করপোরেশনের উদ্যোগে একটি শহর সুন্দর করা সম্ভব নয়। এ জন্য নাগরিকদেরও শহরকে নিজের মনে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরীতে পরিণত করা সম্ভব। আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে পেশাজীবী, চিকিৎসক, সামাজিক সংগঠন ও নগরবাসীর সহযোগিতা গুরুত্বপূর্ণ।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক