ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসের প্রথম দিনে তরুণ গবেষকদের ১০টি বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসের (বিআইসিসি ২০২৬) প্রথম দিনে তরুণ গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ং ইনভেস্টিগেটরস সেশন’। এতে তরুণ গবেষকরা ক্যান্সার চিকিৎসা ও ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ১০টি গবেষণা উপস্থাপন করেন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত কংগ্রেসের ১ নম্বর হলে এ বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন এবং অধ্যাপক ডা. সাহিদা আলম। অধিবেশনটি সঞ্চালনা করেন ডা. আলতাফ হোসেন রিয়াদ।
উপস্থাপিত গবেষণাগুলোতে ক্যান্সার নির্ণয়ের আধুনিক পদ্ধতি, চিকিৎসার কার্যকারিতা, ব্যয় এবং চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রোগীদের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরা হয়। বিশেষ করে শিশুদের মুখমণ্ডলের সারকোমা, ইমিউনোথেরাপি অব্যাহত রাখার প্রতিবন্ধকতা, ফুসফুসের ক্যান্সারে মলিকুলার ডায়াগনস্টিক পরীক্ষার সুযোগ ও আর্থিক চাপ, স্তন ক্যান্সারে স্বল্পব্যয়ের অনকোপ্লাস্টিক সার্জারি এবং জরায়ুমুখের ক্যান্সারে কেমোরেডিওথেরাপির সঙ্গে এইচডিআর (HDR) ব্র্যাকিথেরাপির সমন্বয় নিয়ে গবেষণাগুলো গুরুত্ব পায়।
এ ছাড়া মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত সার্ভিক্যাল লিম্ফ নোডের সংখ্যা ও রোগের পূর্বাভাস, জরায়ুমুখের ক্যান্সারে ব্র্যাকিথেরাপির ডোজ নির্ধারণ, মলদ্বারের ক্যান্সারে অস্ত্রোপচারবিহীন চিকিৎসা, রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া এবং স্তন ক্যান্সারের চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের ভূমিকা নিয়েও গবেষণা উপস্থাপন করেন তরুণ গবেষকরা।
অধিবেশনের সমাপনী বক্তব্যে অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তা, গবেষণার প্রতি আগ্রহ ও বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘গবেষণা একটি নিরন্তর অনুসন্ধান ও শেখার প্রক্রিয়া। গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ, বৈজ্ঞানিক সততা বজায় রাখা এবং আত্মবিশ্বাসের সঙ্গে গবেষণা এগিয়ে নিতে হবে।’
তিনি আরও বলেন, এ অধিবেশনের উদ্দেশ্য শুধু শ্রেষ্ঠ উপস্থাপনা নির্বাচন নয়; বরং প্রত্যেক তরুণ গবেষককে আরও দক্ষ ও মানসম্পন্ন গবেষক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা।
এ সময় তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসের আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি বিচারকমণ্ডলী, সহসভাপতি ও অংশগ্রহণকারীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অধিবেশনে অংশ নেওয়া সব তরুণ গবেষককে অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণা জীবনের সাফল্য কামনা করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে ক্যান্সার চিকিৎসায় বাস্তবভিত্তিক গবেষণা, ব্যয়সাশ্রয়ী চিকিৎসাপদ্ধতি, বৈজ্ঞানিক প্রমাণের যথাযথ ব্যবহার এবং সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তরুণ চিকিৎসক ও গবেষকদের গবেষণায় আগ্রহী করে তোলা এবং দেশে আন্তর্জাতিক মানের ক্যান্সার গবেষণার পরিসর সম্প্রসারণে ‘ইয়ং ইনভেস্টিগেটরস সেশন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এমআর/