১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪১ পিএম

৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, অনিশ্চয়তায় মেডিকেলও

৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, অনিশ্চয়তায় মেডিকেলও
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আদালতের এ নির্দেশনার ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে। এতে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানান, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে। অথচ পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তিনি বলেন, পুনর্মূল্যায়নের ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন।

মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের পর মেডিকেল ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন মেডিভয়েসকে বলেন, ‘রিটের কপি এখনো হাতে পাইনি। তাই এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রিটে কী বলা হয়েছে, তা দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত