১৭ নভেম্বর, ২০২৬ ০৯:৫৭ এএম
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান

৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি: ভিডিও থেকে নেওয়া

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট নিরসনে সাড়ে তিন হাজারের বেশি চিকিৎসক এবং চার হাজারের বেশি সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। একই সঙ্গে নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১ বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশের জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে। অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

তিন বিসিএসে চলছে চিকিৎসক নিয়োগের কার্যক্রম

চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৬৩ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হবে।

নার্স ও মিডওয়াইফ নিয়োগেও উদ্যোগ

নার্স সংকট নিরসনে সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের কার্যক্রমও চলমান রয়েছে। প্রতিমন্ত্রী জানান, ৮২৮টি পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া ১ হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। আরও ১ হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

মিডওয়াইফ পদে ৫৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাঁদের পুলিশ ভেরিফিকেশন চলছে। পাশাপাশি আরও ১ হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যে উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ-সংক্রান্ত প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।

নতুন হাসপাতালের নকশায় থাকবে চিকিৎসকদের আবাসন

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে এম এ মুহিত বলেন, নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা রাখা হচ্ছে। এর ফলে চিকিৎসকেরা নিরাপদ পরিবেশে থেকে দায়িত্ব পালন করতে পারবেন।

তিনি আরও বলেন, চিকিৎসকদের শুধু স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব দিলেই হবে না, তাঁদের নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

স্বাস্থ্য খাতের জনবল সংকট পূরণে ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক