১৩ নভেম্বর, ২০২৬ ০৩:৫১ পিএম

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত টিকা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত টিকা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রয়োজনে আরও টিকা আমদানির সক্ষমতাও সরকারের রয়েছে বলে জানান তিনি। শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম, চিকিৎসা ও সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন যুগ’ প্রতিপাদ্যে বিএমইউ (পিজি) হাসপাতালের মিল্টন হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নিউমোনিয়া থেকে শিশুদের বাঁচাতে কী কী করা দরকার, শুধু আমাকে বলুন। আমি সবকিছু করব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তাও নেব।’

দেশের চিকিৎসকদের দক্ষতার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, দেশের চিকিৎসকদের জ্ঞান ও সক্ষমতার ওপর তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে। এ কারণেই তিনি চিকিৎসার জন্য বিদেশে যান না।

তবে শিশুদের মধ্যে হাম ও ডেঙ্গুর বিস্তার ঠেকাতে না পারায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা হাম ও ডেঙ্গু থেকে শিশুদের রক্ষা করতে পারছি না। এই ব্যর্থতার দায় আমি এড়াতে পারি না। কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, আপনারা আমাকে পরামর্শ দিন।’

স্বাস্থ্য খাতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম আমদানির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। নিজের দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা বা দুর্নীতির তথ্য পেলে তাঁকে জানাতে বলেন। প্রয়োজনে পদত্যাগ করতেও প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে বিএমইউকে উন্নত দেশগুলোর চিকিৎসা প্রটোকল অনুসরণ করে দ্রুত একটি জাতীয় নিউমোনিয়া গাইডলাইন প্রণয়নের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। গাইডলাইনটি তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার পাশাপাশি এ কাজে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে মূল বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর শিশু চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। তিনি নিউমোনিয়ার আধুনিক চিকিৎসা, শিশুদের ফুসফুস সুরক্ষায় ভেন্টিলেশন পদ্ধতি এবং বাবল সিপ্যাপ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। তবে সময়মতো রোগ শনাক্ত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগ নিরাময় সম্ভব। অপুষ্টি, বায়ুদূষণ এবং অপর্যাপ্ত টিকাদান শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়।

শিশুদের দ্রুত রোগ শনাক্তকরণ, পালস অক্সিমিট্রির ব্যবহার, সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ এবং প্রয়োজনে বাবল সিপ্যাপ পদ্ধতি ব্যবহারে চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো এবং নির্ধারিত সময়ে সব টিকা দেওয়ার পরামর্শ দেন।

অধ্যাপক আতিয়ার রহমান বলেন, শিশুর দ্রুত শ্বাস নেওয়া কিংবা বুকের খাঁচা ভেতরের দিকে দেবে যাওয়ার মতো বিপদচিহ্ন দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিতে হবে। সময়মতো চিকিৎসা শুরু করা গেলে নিউমোনিয়াজনিত জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

বৈঠকে বক্তারা জানান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় সরকার শিশুদের জন্য নিউমোনিয়া প্রতিরোধী পিসিভি, হিব ও হামের টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি শিশুদের সমন্বিত রোগ ব্যবস্থাপনা (আইএমসিআই) এবং কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা জোরদার করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক এফ এম সিদ্দিকী। এ ছাড়া বিভিন্ন মেডিকেল কলেজের জ্যেষ্ঠ শিক্ষক, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুদের নিউমোনিয়ার ঝুঁকি কমাতে টিকাদান, পুষ্টি নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এ জন্য সরকার, চিকিৎসক ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাঁরা নিউমোনিয়ামুক্ত ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক