০৯ নভেম্বর, ২০২৬ ০৭:১০ পিএম

শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস শ্রমজীবী মানুষ ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিল্পাঞ্চলগুলোতে হাসপাতাল নির্মাণের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, এক যুগের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ও শিল্প খাতকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ যথাযথভাবে কাজে না লাগিয়ে এমন নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, একইভাবে ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থাও ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা অতীতের গণতান্ত্রিক সরকারের আমলে যে পর্যায়ে ছিল, সেটিও নষ্ট করা হয়েছে। ফলে দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য করা হয়েছে।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকার কাজ করছে। শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি বলেন, ‘শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার এরই মধ্যে ১০০ বেডের করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।’

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

এইউ/


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক